আ’লীগকে হারিয়ে তৃতীয়বারের মতো মেয়র হলেন বিএনপি প্রার্থী

নজর২৪, নওগাঁ- নওগাঁ পৌরসভা নির্বাচনে টানা তৃতীয়বারের মতো মেয়র পদে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি।

 

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট শেষে ফলাফলে বেসরকারিভাবে তিনি বিজয়ী হয়েছেন।

 

নওগাঁ সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার রুহুল আমিন জানান, নজমুল হক সনি ২৯ হাজার ২৬৯ ভোট পেয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা পেয়েছেন ২৪ হাজার ৯৪৪ ভোট।

 

নির্বাচনে নওগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪১টি কেন্দ্রে এ ভোট অনুষ্ঠিত হয়। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ‍হয়েছে বলে জানা গেছে।

 

পৌরসভায় মোট ভোটার ছিল ১ লাখ ১৬ হাজার ২৪০ জন। নির্বাচনে প্রায় ৬৫ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে বলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।

 

জানা গেছে, ১৯৬৩ সালে নওগাঁ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ১৯৮৯ সালে এটি প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পায়। ১৯৮৭ সালে মূল শহরের সঙ্গে আরও শতাধিক মহল্লাকে অন্তর্ভুক্ত করা হয়। ২০১০ সালে নজমুল হক সনি প্রথম মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৫ সালে দ্বিতীয় এবং ২০২১ সালে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন।

 

মেয়র নজমুল হক সনি বলেন, জনগণের ভোটে পরপর তিনবারের মতো নির্বাচিত হতে পেরেছি। পৌরবাসীর দোয়া ও সমর্থনের কারণে এটা সম্ভব হয়েছে। পৌরবাসীকে দেয়া প্রতিশ্রুতির অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারব আশাকরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *