নজর২৪, চট্রগ্রাম- চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আলাউদ্দিন নামে এক পথচারী নিহত হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে পাহাড়তলী ওয়ার্ডের ইউসেফ আমবাগান টেকনিক্যাল স্কুল ভোটকেন্দ্রে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
নিহত আলাউদ্দিনের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভোটগ্রহণ শুরুর পর পাহাড়তলী ওয়ার্ডের ওই ভোটকেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী এবং বিদ্রোহী প্রার্থী মাহামুদুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পথচারী আলাউদ্দিন ঘটনাস্থলের পাশেই দাঁড়িয়েছিলেন। দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় তিনি গুলিবিদ্ধ হন। তার বুকের নিচে গুলি লাগে। মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
এর আগে বুধবার সকাল ৮টার দিকে ১২ নম্বর ওয়ার্ডে (সরাইপাড়া) নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে আপন ভাইয়ের ছুরিকাঘাতে আরেক ভাই নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ১২ নম্বর ওয়ার্ডের (সরাইপাড়া) আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহম্মদের কর্মী বলে জানা গেছে। তার নাম নিজামউদ্দীন মুন্না। ঘাতক ব্যক্তির নাম সালাউদ্দিন কামরুল। তিনি ১২নং সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের কর্মী।
পাহাড়তলী থানার ওসি (তদন্ত) রাশেদুল হক জানান, বার কোয়ার্টার এলাকায় ছুরিকাঘাতে নিজামউদ্দিন মুন্না নামে একজন নিহত হয়েছেন। তার ভাই সালাউদ্দিন কামরুল ছুরিকাঘাত করেছেন বলে জানতে পেরেছি। মুন্না ও কামরুলের মধ্যে পূর্ব থেকে বিরোধ ছিল। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
