কাজে ঝাঁপিয়ে পড়েছেন বাইডেন, প্রথম ফোন দিবেন জাস্টিন ট্রুডোকে

আন্তর্জাতিক ডেস্ক- বুধবার শপথগ্রহণের পর থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথম দিনই ১৭টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি।

 

তার প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, শুক্রবার থেকে বিদেশি নেতাদের ফোন করতে শুরু করবেন নতুন প্রেসিডেন্ট। তার প্রথম ফোনটি পাবেন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার কোনও পরিকল্পনা আপাতত প্রেসিডেন্টের নেই বলে জানিয়েছেন জেন সাকি। তিনি বলেন, প্রেসিডেন্টের শুরুর দিককার কলগুলো হবে সহযোগী ও সমমনাদের সঙ্গে।

 

এর আগে হোয়াইট হাউসের ওভাল অফিসে ডাকা প্রথম কনফারেন্সে বাইডেন নিজ প্রশাসনের উদ্দেশে বলেছেন, ‘আমি আপনাদের সহযোগিতা চাই। আমি অনেক ভুল করব। যখন ভুল করব, তখন তা আমি স্বীকার করব। ভুল সংশোধনে সাহায্য করার জন্য আমি আপনাদের সহযোগিতা চাই।’

 

বাইডেন তাঁর নিয়োগ করা প্রশাসনের কর্মীদের ভার্চ্যুয়ালি শপথ গ্রহণ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি আপনাদের কাছ থেকে সততা ও শালীনতা চাই। আমাদের মনে রাখতে হবে, জনগণ আমাদের জন্য কাজ করে না। আমরা জনগণের জন্য কাজ করি। জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।’

 

ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় বিকেল চারটার কিছু আগে প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো হোয়াইট হাউসে ঢোকেন জো বাইডেন। হোয়াইট হাউসের কাছেই ট্রেজারি বিভাগের অফিস ভবনের সামনে বাইডেন ও তাঁর পরিবারের সদস্যদের মোটরশোভাযাত্রা–সহকারে নিয়ে আসা হয়। বাইডেন স্ত্রী জিলের হাত ধরে পেনসিলভানিয়া অ্যাভিনিউ দিয়ে হোয়াইট হাউসে ঢোকার জন্য হাঁটতে থাকেন।

 

কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যেও দূর থেকে লোকজনকে হাত নেড়ে বাইডেন দম্পতিকে অভিনন্দন জানাতে দেখা যায়। বাইডেন ও জিলের পেছনে তখন হাঁটছিলেন পরিবারের অন্য সদস্যরা। হেঁটে যাওয়ার সময় বাইডেন এক মুহূর্তের জন্য থামেন। এনবিসি নিউজের সাংবাদিক আল রকারের সঙ্গে তাঁকে মুহূর্তের জন্য শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। একপর্যায়ে বাইডেন চলে যান এনবিসি নিউজের সাংবাদিক মাইক মেমলির সামনে। মাইক জানতে চান, কেমন লাগছে? জবাবে তিনি বলেন, ‘মনে হচ্ছে আমি বাড়িতেই ঢুকছি।’

 

বাইডেন ও জিল হোয়াইট হাউসের উত্তর প্রবেশপথ দিয়ে হাঁটতে থাকেন। হোয়াইট হাউসের তাঁদের ঢোকার মুহূর্ত ক্যামেরায় ধরে রাখা হয়। এ সময় বাইডেন বলেন, ঐক্যই হলো দেশবাসীর উদ্দেশ্যে তাঁর বার্তা।

 

হোয়াইট হাউসে ঢুকে প্রেসিডেন্ট বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে হাতে আজ নষ্ট করার সময় নেই। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম দিন থেকেই কাজ কাজ শুরু করার ঘোষণা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *