নিজস্ব প্রতিবেদক, নজর২৪- নানা অজুহাতে দেশের বিভিন্ন জায়গায় কুরআনের মাহফিল বন্ধ করা হচ্ছে, কওমী মাদরাসায় হামলা-ভাংচুরের ঘটনা ঘটছে এবং আলেমদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে হকের কণ্ঠরোধ করা যাবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) দুপুরে নেত্রকোনা দুর্গাপুর সাওতুল হেরা মাদরাসা ময়দানে আয়োজিত ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ধ্বংস অনিবার্য উল্লেখ করে তিনি আরও বলেন, হকের কন্ঠ রুদ্ধ করতে গিয়ে জালেম বাদশাহ নমরুদ হযরত ইব্রাহীম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, কিন্তু সে সফল হতে পারেনি। হযরত মুসা আঃ এর বিরোধিতা করে ফিরআউন টিকেনি, আজকের দিনেরও যারা নবীগণের ওয়ারিস আলেমদের বিরোধিতা করছে তারাও টিকে থাকতে পারবে না।
নবী-রাসুলদের দাওয়াতি কাজে বাঁধা প্রদানকারীদের যে অশুভ পরিণতি হয়েছিলো আজকের দিনে যারা কুরআনের মাহফিল বন্ধ করে ওলামায়ে কেরামের কণ্ঠরোধ করতে চায় তাদেরও সেই অশুভ ও ভয়াবহ পরিণতি হবে।
উল্লেখ্য, আল্লামা বাবুনগরী এদিন বেলা ২ টায় হাটহাজারী মাদরাসার শিক্ষা ভবন থেকে হেলিকপ্টার যোগে নেত্রকোনায় যান। তাঁর আগমনকে কেন্দ্র করে পুরো নেত্রকোনার আলেম-ওলামা ও সর্বস্তরের তৌহিদি জনতার মাঝে ছিলো খুশীর আমেজ।
আল্লামা বাবুনগরীকে এক নজর দেখার জন্য লক্ষ উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা গেছে।
আল্লামা আব্দুল হক ও আল্লামা জিয়া উদ্দিন এর সভাপতিত্বে মাহফিলে অন্যান্যদের মধ্যে আরো বয়ান করেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আব্দুর রহিম আল-মাদানী, মাওলানা মুফতী মামুনুর রশিদ প্রমূখ।
