এমপিদের মদের আসরে গিয়ে পুলিশ স্যালুট মারে, পাহারা দেয়: কাদের মির্জা

নজর২৪ ডেস্ক- দেশের রাজনীতিবিদরা বিদেশে টাকা পাচার করছে এমন অভিযোগ করে বসুরহাট পৌরসভায় মেয়রপ্রার্থী মির্জা আবদুল কাদের বলেছেন, আমাদের পাতি নেতারা পর্যন্ত আমেরিকায় গিয়ে গাড়ি কিনেছে, বাড়ি করেছে। সেখানে গিয়ে মাদক, নারী ও ক্যাসিনোকাণ্ডে জড়িয়ে পড়ছেন। নেত্রী শেখ হাসিনা এ চোরদের কত পাহারা দেবেন?

 

বুধবার (১৩ জানুয়ারি) সকাল ৮টায় তার নির্বাচনী অফিসে লাইভ ভিডিওতে এসব কথা বলেন তিনি।

 

বসুরহাট পৌরসভায় নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী আবদুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই। তিনি বসুরহাট পৌরসভায় একাধিকবার নির্বাচিত মেয়র। তার সাম্প্রতিক বক্তব্য রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে।

 

কাদের মির্জা বলেন, সামান্য বাংলা মদের খেলে আমরা তাদের (মাদকসেবী) পিটাই, জেলে দিই। আর এমপিদের মদের আসরে গিয়ে পুলিশ স্যালুট মারে। পাহারা দেয়।

 

বসুরহাট পৌরসভার নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের এক এমপির অবস্থান তোলে ধরে তিনি বলেন, নোয়াখালীর এক এমপি বিএনপি নেতা হারুনের মাধ্যমে ৫০ লাখ টাকা বসুরহাটে পাঠিয়েছেন। আওয়ামী লীগের ওই এমপি টাকা পাঠিয়ে অস্ত্র পাঠিয়ে নির্বাচনকে বানচাল করার করার জন্য, অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছেন বলে অভিযোগ করেন তিনি।

 

এই নির্বাচনে তিনি জয়ের আশা ব্যক্ত করে বলেন, ভোটাররা ভোট দেবেন। ভোটের দিন বাইরে কোনো অনিয়ম ঘটলে পুলিশ, প্রশাসন, ডিসি, নির্বাচন অফিসারকে জবাব দিতে হবে। ভোটে জয়ী হব ইনশাআল্লাহ। আমি মানুষের শতভাগ সাড়া পাচ্ছি। এখন আমার চেষ্টা হবে যেন কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, জনগণের রক্ত ঝরাতে না পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *