অবশেষে সাঈদ খোকনের বিরুদ্ধে ২ মামলা

নজর২৪, ঢাকা- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে মানহানির বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দু’টি মামলা করা হয়েছে।

 

সোমবার (১১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এই দু’টি মামলা দায়ের করা হয়।

 

একটি মামলার বাদী কাজী আনিসুর রহমান। অপর মামলাটির বাদী অ্যাডভোকেট মো. সারওয়ার আলম। আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর মামলা দু’টি আদেশের জন্য রেখেছেন।

 

আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় দণ্ডবিধির ৫০০ ধারায় অভিযোগ আনা হয়েছে। এখন মামলার বিষয়ে শুনানি হচ্ছে।

 

এদিন সকালে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে বলে জানিয়েছিলেন বর্তমান মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। রাজধানী কমলাপুর, টিটিপাড়া, সায়েদাবাদ, গোপীবাগসহ বিভিন্ন এলাকার বক্স কালভার্ট এর ময়লা ও বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

 

দুর্নীতির বিরুদ্ধে সিটি কর্পোরেশনের চলমান অভিযান অব্যাহত থাকবে জানিয়ে মেয়র তাপস বলেন, বিভিন্নভাবে যারা টাকা লেনদেন করেছেন তারাই দুর্নীতির অভিযোগ করছেন। এই অভিযোগ তার নিজের নয় বলেও জানান তাপস। সাবেক মেয়রের এমন বিষোদগার ব্যক্তিগত আক্রমণ বলেও মন্তব্য করেন তিনি।

 

দীর্ঘদিন ধরে বক্স কালভার্ট এর ময়লা আবর্জনা পরিষ্কার কাজ বন্ধ ছিল এমন অভিযোগ করে তিনি বলেন, ওয়াসার কাছ থেকে যেসব যন্ত্রপাতি তারা বুঝে পেয়েছেন সেগুলোর বেশিরভাগই অচল। আসন্ন বর্ষা মৌসুমের আগেই নগরবাসী সুফল পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *