তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

নজর২৪, ঢাকা- দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুৎ সাবুসোলু। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

 

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের আমন্ত্রণে তিনি এ সফরে এসেছেন বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ঢাকায় তুরস্ক দূতাবাস।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার দুপুর সাড়ে ১২টায় পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন সাবুসোলু। এছাড়া, ঢাকার তুরস্ক দূতাবাসের নতুন ভবন উদ্বোধন করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তিনি বৈঠক করবেন।

 

তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরও পরিদর্শন করবেন।

 

উল্লেখ্য, ড. আবদুল মোমেন চলতি বছরের সেপ্টেম্বরে তুরস্ক সফর করেন এবং আঙ্কারায় নবনির্মিত বাংলাদেশ দূতাবাসের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।

 

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান সম্প্রতি জানিয়েছেন, বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির নজর রয়েছে তাঁর দেশের। সেইসঙ্গে পণ্যে বৈচিত্র্য আনার মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্যে উল্লেখযোগ্য উন্নতি আনতে চায় তারা।

 

‘আমরা এমন এক বাংলাদেশকে দেখি যার রয়েছে খুব উজ্জ্বল এক ভবিষ্যৎ। এ দেশের অর্থনীতি আমাদের দেশের মতো দ্রুত বাড়ছে। তুরস্কের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। এই দেশ বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় প্রণোদনা দিচ্ছে,’ বলেন তুরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *