Home প্রধান খবর জেএসসি-জেডিসি পরীক্ষার্থীদের ৯ম শ্রেণিতে উত্তীর্ণের নির্দেশ

জেএসসি-জেডিসি পরীক্ষার্থীদের ৯ম শ্রেণিতে উত্তীর্ণের নির্দেশ

0
124

নজর২৪ ডেস্ক- মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। তবে নিজ নিজ প্রতিষ্ঠানে মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হবে।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সব সরকারি ও বেসরকারি স্কুলকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) স্বাক্ষরিত এ বিষয়ক নির্দেশনা জারি করে।

 

চিঠিতে, নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে মাউশি। তবে, কি উপায়ে মূল্যায়ন করে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে সে বিষয়ে স্কুলগুলোকে কিছুই জানায়নি অধিদপ্তর।

 

এর আগে জেএসসি-জেডিসি পরীক্ষা না নিয়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করার ব্যবস্থা নিতে গত ১ সেপ্টেম্বর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সেই চিঠির পর ঢাকা বোর্ড গত ২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করার নির্দেশ দেয়।

 

এদিকে, চলমান মহামারী করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের পাসের সার্টিফিকেট দেয়ার কথা ভাবছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। তবে এ বছরের সার্টিফিকেটে কোনো গ্রেড বা জিপিএ নম্বর থাকবে না।

 

উল্লেখ্য, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here