মামুনুল হকের বিরুদ্ধে মামলা নেননি আদালত, আবেদন ফেরত

নজর২৪, ঢাকা- ভাস্কর্যবিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন আমলে নেননি আদালত। বাদীর জবানবন্দি শেষে বিচারক মামলাটি গ্রহণ না করে ফেরত দিয়েছেন।

 

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক। আদালত এই বিষয়ে রাষ্ট্র ব্যবস্থা নেবে বলে মামলাটি ফেরত দেন।

 

মামলার বাদী আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাস্কর্যবিরোধী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছি। আদালত এই বিষয়ে রাষ্ট্র ব্যবস্থা নেবে বলে মামলাটি ফেরত দেন। আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।

 

মামলায় অভিযোগ করা হয়, গত ১৩ নভেম্বর বিএমএ মিলনায়তনে বাংলাদেশ যুব খেলাফত মজলিসের ঢাকা মহানগর শাখার সমাবেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে মামুনুল হক বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য গড়তে দেওয়া হবে না। প্রয়োজনে লাশের পর লা’শ পড়বে। আবার শাপলা চত্বর হবে।’

 

ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মামুনুল হকের বক্তব্যের পর একটি শ্রেণি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে একের পর এক বক্তব্য দিচ্ছে। দেশে অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

 

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতা করে উত্তেজনাকর বক্তব্য দেওয়ার অভিযোগ ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২৫, ২৮ এবং ৩১ ধারায় অভিযোগ এনে জমা দেওয়া হয় আবেদনটি।

 

উল্লেখ্য, এর আগে গত ৭ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক আরেকটি মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ৭ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *