রাজাকারদের তালিকা প্রকাশে নতুন আইন হচ্ছে

নজর২৪, ঢাকা- রাজাকার, আলবদর, আলশামসসহ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা প্রকাশের বিধান যুক্ত করে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন’ নামে একটি নতুন আইন করা হচ্ছে।

 

আজ সোমবার (৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। গণভবন থেকে প্রধানমন্ত্রী অনলাইনে এ সভায় সভাপতিত্ব করেন।

 

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। তিনি জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের নতুন খসড়া করেছে। এই আইন পাস হলে আগের আইন বাতিল হবে।

 

মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৯৭১ সালে রাজাকার বাহিনী ও অন্যান্য আধা সামরিক বাহিনীর সদস্য হয়ে যারা মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলো তাদের তালিকা তৈরি করবে এই কাউন্সিল। তালিকা তৈরি করে তারা সরকারের কাছে দিয়ে তা প্রকাশের সুপারিশ করবে।

 

এছাড়া যারা মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সনদ নিয়ে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিধান থাকছে প্রস্তাবিত এ আইনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *