বাবুনগরী, মামুনুল ও ফয়জুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

নজর২৪, ঢাকা- জাতির জনকের ভাস্কর্যের বিরোধিতায় বক্তব্য দিয়ে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে দুটি মামলার আবেদন জমা পড়েছে ঢাকার আদালতে।

 

এর মধ্যে একটি মামলার আর্জিতে হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকে আসামি করা হয়েছে।

 

অন্য মামলার আবেদনে আসামি করা হয়েছে কেবল মামুনুল হককে, যিনি হেফাজতে ইসলামের নতুন কমিটিতে যুগ্ম মহাসচিবের দায়িত্বে আছেন।

 

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সোমবার সকালে ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে প্রথম মামলাটির আবেদন করেন। একই আদালতে দ্বিতীয় আবেদনটি করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক।

 

এদিন আদালত দুই বাদীর জবানবন্দি গ্রহণ করে নথী পর্যালোচনায় আদেশ পরে দেবেন বলে জানান। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানা গেছে।

 

অ্যাডভোকেট মশিউর মালেকের দায়ের করা মামলার আবেদনে অভিযোগ— গত ১৩ নভেম্বর বিএমএ মিলনায়তনে বাংলাদেশ যুব খেলাফত মজলিসের ঢাকা মহানগর শাখার সমাবেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানের বিরোধিতা করে মামুনুল হক বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য গড়তে দেওয়া হবে না। প্রয়োজনে লাশের পর লাশ পড়বে। আবার শাপলা চত্বর হবে।’ মামুনুল হকের বক্তব্যের পর একটি শ্রেণি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে একের পর এক বক্তব্য দিচ্ছে। দেশে অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

 

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতা করে উত্তেজনাকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে বাংলাদেশ দণ্ডবিধির ১২০বি, ১৫৩ ও ১২৪ক ধারায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে এ মামলাটির আবেদন করেছেন তিনি।

 

অন্যদিকে, আমিনুল ইসলাম বুলবুলের আবেদনে বলা হয়েছে, সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত তিন আসামি। জুনায়েদ বাবুনগরী ও মওলনা মামুনুলের জনপ্রিয়তা কাজে লাগিয়ে সৈয়দ ফয়জুল করিম গেন্ডারিয়ায় অনুসারীদের জড়ো করে তৌহিদি জনতার ব্যানারে সমাবেশ করে। সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে মূর্তির সঙ্গে তুলনা করে ধর্মপ্রাণ মুসলিমদের উসকানি দেওয়া হয়।

 

এই মামলার আবেদনে বিএমএ মিলনায়তনে মাওলানা মামুনুল হকের বক্তব্যে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতার প্রসঙ্গ উল্লেখ করা হয়। এছাড়া ২৭ নভেম্বর হাটহাজারীর সমাবেশ থেকে জুনায়েদ বাবুনগরীর বক্তব্যেও বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতার উল্লেখ করা হয়েছে। জাতির জনকের ভাস্কর্যের বিরোধিতা এবং এসব ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল উল্লেখ করে তিন জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

 

এর আগে, রোববার (৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মাওলানা মামুনুল হক ও জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন করেন ‍সুপ্রিম কোর্টের আইনজীবী ও স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. জিশান মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *