গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি: কাদের

নজর২৪, ঢাকা- গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও একটি অশুভ শক্তির অপচেষ্টার কারণে গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

শনিবার সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর দোয়েল চত্বরে অবস্থিত জাতীয় তিন নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, একটি মহল মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের আচরণে কখনো মনে হয়নি তারা গণতন্ত্রে বিশ্বাসী।

 

ভাস্কর্য নিয়ে একটি উগ্র সাম্প্রদায়িক মহলের বিতর্কের বিষয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই এ বিষয়ে দেখছেন। তিনি জানেন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয়।’

 

ভাস্কর্য ইস্যুতে চলমান বিতর্কের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘পৃথিবীর দেশে দেশে ভাস্কর্য রয়েছে। যারা ভাস্কর্যের বিরোধিতা করছেন তারা কি জানেন না, সৌদি আরবসহ বিশ্বের সব মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে। সেখানে যদি ভাস্কর্য ইসলামবিরোধী না হয় তাহলে বাংলাদেশে কেন হবে? সব ব্যাপারে মাথা গরম করা ঠিক না। প্রধানমন্ত্রী জানেন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয়। এজন্য ভাস্কর্যের বিষয়টা তিনি দেখছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *