কোনো মুসলিমকে ভোটের টিকিট দেব না, ঘোষণা বিজেপি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক- হিন্দু হলেই ভোটের টিকিট মিলবে। কোনো মুসলিমকে কখনো টিকিট দেবেন না তারা। বিভাজনের রাজনীতি করার অভিযোগে বিজেপি শিবির যখন বিদ্ধ, ঠিক সেই সময় এমনই মন্তব্য করে বসলেন কর্নাটকের গ্রামোন্নয়ন মন্ত্রী বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা। তার এই মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে ভারতজুড়ে।

 

বেলগাভি লোকসভা উপনির্বাচন নিয়ে এই মুহূর্তে সেখানে প্রস্তুতি তুঙ্গে গেরুয়া শিবিরে। সেখানকার সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনসংখ্যা বিজেপির ভোটব্যাঙ্ক বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেখানকার নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়েই রবিবার এমন বিতর্কিত মন্তব্য করে বসেন ঈশ্বরাপ্পা।

 

সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের যেকোনো ব্যক্তিকে টিকিট দিতে পারি আমরা। সে ব্রাহ্মণ হোক বা লিঙ্গায়েত, কুরুবা হোক বা ভোক্কালিগা। কিন্তু কোনো মুসলিমকে কখনো টিকিট দেয়া হবে না।’

 

উল্লেখ্য, কংগ্রেস ছেড়ে আসা ১৬ জন বিধায়ককে সম্প্রতি বিধানসভা উপনির্বাচনের টিকিট দিলেও সাত বারের বিধায়ক রোশন বেগ নিজে থেকে মনোনয়ন চাইলেও, তার আবেদনে সাড়া দেননি বিজেপি নেতৃত্ব।

 

ঈশ্বরাপ্পার মতো প্রকাশ্যে মুসলিমবিরোধী মন্তব্য না করলেও, হিন্দু ভোটকে ঝুলিতে পুরতে মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাও উদ্যোগী হয়েছেন। সাম্প্রদায়িক কথা-বার্তা বলে নিজের ভঙ্গুর অবস্থান টেকাতে চাচ্ছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *