ছবি পোষ্ট করে কাকে ‘মীরজাফর’ বললেন সাকিব পত্নী?

তামিম-সাকিব ইস্যুতে কয়েকদিন ধরেই সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। এরমধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল প্রস্তুতি ম্যাচের আগের দিন অনুশীলনে চোট পান বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। এ কারণে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিষয়টি টাইগারদের জন্য দুশ্চিন্তার কারণ হলেও দেশের ক্রিকেটভক্তদের এক অংশ এতে উচ্ছ্বাস প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে চোখ ফেললেই নজরে পড়বে, চোট পাওয়ায় সাকিবকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার দাবি তুলছেন কেউ কেউ। অনেকে আবার তামিমের বাদ পড়ার প্রসঙ্গ তুলে সাকিবকে ধুয়ে দিচ্ছেন। এমনকি সাকিবকে বিশ্বাসঘাতক মীরজাফর ডাকতেও ছাড় দেননি তারা।

যদিও তামিম ইকবালের বাদ পড়ার পেছনে নিজের কোন ভূমিকা নেই বলেই দাবি সাকিবের। এমনকি তামিমের মিডল অর্ডারে খেলার ইস্যুতেও নিজের সংশ্লিষ্টতা নেই বলেই দাবি তার। এরইমাঝে সাকিবের ছবি সম্বলিত আইসিসির এক পোস্টার শেয়ার করেছেন তার স্ত্রী শিশির উম্মে আল হাসান। সেখানেও উঠে এসেছে মীরজাফর প্রসঙ্গ।

আইসিসির ওই পোস্টারে বর্তমানে বিশ্বকাপ খেলছেন এমন খেলোয়াড়দের মাঝে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকা করা। তাতে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব। সেই পোস্ট শেয়ার করে শিশির ক্যাপশন দিয়েছেন, ‘দুর ছাই! (ওহ ড্যাম) মীরজাফর কীভাবে এখানে এলো। নিশ্চয়ই ভুয়া এটা।’

আইসিসির ওই ছবিতে সাকিব ছাড়াও আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও ভারতের মোহাম্মদ শামি। তাদের ছবি ও নামের পাশে বিশ্বকাপে নেওয়া তাদের উইকেটের সংখ্যা উল্লেখ করা হয়েছে।

আসন্ন বিশ্বকাপে অংশ নেওয়া বোলারদের মধ্যে তারা পাঁচজনই সর্বোচ্চ উইকেটশিকারী। অজি পেসার স্টার্ক ৪৯ উইকেট নিয়েছেন। বোল্ট নিয়েছেন ৩৯ উইকেট। সাকিব ও সাউদির উইকেট সমান ৩৪টি। ভারতের শামি পেয়েছেন ৩১টি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *