গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার আগেই আজমত উল্লাহ খানকে বিজয়ী উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। এর প্রতিবাদ জানিয়েছেন অপর প্রতিদ্বন্দ্বী জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার (২৫ মে) রাত ১০টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে গোলাম রব্বানী লেখেন, ‘দেশের বৃহত্তম গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মুজিব আদর্শের জয়; পুষ্পিত শুভেচ্ছা-অভিনন্দন আইন বিভাগের শ্রদ্ধাভাজন অগ্রজ অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ভাই।’
এদিকে ৪৮০ ভোট কেন্দ্রের মধ্যে বেসকারিভাবে ৪৫০ কেন্দ্রের ফলাফল অসমর্থিত সূত্রে পাওয়া গেছে। ওই ৪৫০ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া নৌকার প্রার্থী আজমত উল্লা মোট ভোট পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৭৯টি।
তার প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি মার্কায় স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ৫ হাজার ৪১৩টি ভোট। বেসরকারি ফলাফল অনুযায়ী— আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লার চেয়ে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ৪২৬ কেন্দ্রে ২০ হাজার ৩৪ ভোট বেশি পেয়েছেন।
রব্বানীর স্ট্যাটাসের প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার মা এখনো হাজার হাজার ভোটে এগিয়ে আছে। অথচ ছাত্রলীগের একজন সাবেক নেতা দলীয় প্রার্থীকে বিজয়ী ঘোষণা দিয়ে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন। ভোট গণনা শেষ হওয়ার আগেই তিনি কিভাবে অভিনন্দন জানান? ইভিএমে ভোট গণনা হচ্ছে, জনগণের ভোট নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলার সুযোগ না পায়, সেটাই নির্বাচন কমিশনকে বলব।’
