গণতন্ত্র মঞ্চের সঙ্গে সম্পর্কচ্ছেদ হলেও যুগপৎ আন্দোলনে আগের মতোই অংশগ্রহণ করবে গণ-অধিকার পরিষদ। বৃহস্পতিবার (১১ মে) দলটির যুগ্ম আহ্বায়ক রাশেদ খান সাংবাদিকদের এ কথা বলেন।
বিকালে রাজধানীর একটি হোটেলে যুগপৎ আন্দোলনের মিত্র জোট গণতন্ত্র মঞ্চ থেকে বের হয়ে যাওয়া দল গণ-অধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
বৈঠকে বিএনপির পক্ষে ছিলেন দলটির স্থায়ী কমিটির ও লিয়াজোঁ কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান ও লিয়াজোঁ কমিটির সদস্য বরকতউল্লাহ বুলু।
অপরদিকে গণ-অধিকার পরিষদের পক্ষে ছিলেন সদস্য সচিব নুরুল হক নুর, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও ফারুক হাসান।
এ ব্যাপারে জানতে চাইলে রাশেদ খান বলেন, ‘এটি আনুষ্ঠানিক কোনো বৈঠক নয়। অনানুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ।’
কী বিষয়ে আলোচনা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ‘একসঙ্গে বসলে তো কিছু আলাপ হয়ই। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’
এক প্রশ্নের উত্তরে রাশেদ খান বলেন, ‘গণতন্ত্র মঞ্চের সঙ্গে আমরা আর নেই—তা জানালাম বিএনপিকে। তবে যুগপৎ আন্দোলনে আগের মতোই অংশগ্রহণ করব—এটিও বিএনপিকে জানিয়েছি।’
