তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: রাত শেষে নতুন এক ভোর। মুসলমানদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর। প্রিয়জনের সাথে ঈদ করতে, ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রস্তুতির যেন শেষ নেই। তারই ধারাবাহিকতায় পিছিয়ে নেই নিম্ন আয়ের মানুষগুলো।
শেষ মুহূর্তে নাড়ির টানে বাড়ি ফিরছে হাজারো মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরমুখো মানুষজনদের একদিকে যেমন যানজটের ভোগান্তি পোহাতে হয় তেমনি অন্যদিকে পরিবহন না পেয়ে নিম্নআয়ের মানুষজন কম খরচে খোলা ট্রাকে বাড়ি ফিরছেন। এতে ছোট ছোট শিশুদের নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘরমুখো যাত্রীদের।
শুক্রবার (২১ এপ্রিল) ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়ক এলাকায় এই চিত্র দেখা যায়।
ঢাকা থেকে যে যেভাবে পারছেন মালবাহী ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন। গাদাগাদি করে বাড়ি ফিরছে লোকজন। এছাড়া ঢাকা শহরে যে সমস্ত গনপরিবহন চলাচল করে সেসব পরিবহন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে।
এদিকে ভোর রাত থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে হাতিয়া পর্যন্ত গাড়ীর তীব্র জট লেগে যায়। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা।
ঈদে ঘরে ফেরা খোলা ট্রাকের যাত্রীরা জানান, ভোগান্তি হলেও কিছু করার নেই। পরিবারের সাথে ঈদ করতে এইটুকু মেনে নিতে হবে। তাছাড়া আমরা নিম্ন আয়ের মানুষ আমরা তিনগুন ভাড়া দিয়ে বাসে যেতে পারবো না। শত কষ্টের মধ্যেও পরিবারের সঙ্গে ঈদ করতে পারবে এটাই তাদের তৃপ্তি।
বঙ্গবন্ধু সেতু পূ্র্ব থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম জানান, মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। বিভিন্ন স্থানে পুলিশ তৎপর রয়েছে।
