বাংলাদেশের কাছে পাত্তাই পেল না আর্জেন্টিনা

মিরপুরে যখন জয়ের দ্বারপ্রান্তে ছিলেন সাকিবরা তখন পল্টনে আর্জেন্টিনার বিপক্ষে লড়ছিলেন কাবাডির তুহিন তরফদাররা। ক্রিকেট ও জাতীয় খেলা কাবাডি দুই খেলাতেই বাংলাদেশ জয়লাভ করেছে। পোল্যান্ডের পর এবার আর্জেন্টিনাকে বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

আজ মঙ্গলবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ছয়টি লোনাসহ ৭২-২৩ পয়েন্টে মেসির দেশ আর্জেন্টিনাকে হারিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশের মিজানুর রহমান।

প্রথমার্ধের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। স্পষ্ট ব্যবধানে এগিয়ে যায় দ্রুতই। প্রথম আট মিনিটে বাংলাদেশ ১৪ পয়েন্টে এগিয়ে গেলে বিপরীতে মাত্র এক পয়েন্ট তুলতে পারে আর্জেন্টিনা। প্রথমার্ধের প্রথম ১৫ মিনিটে দুই লোনা পায় বাংলাদেশ। বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দেন প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় অধিনায়ক তুহিন তরফদার। ৪৪-০৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

বিরতি থেকে এসে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে আর্জেন্টিনা। তবে সে ভাবে আসা নিয়ে জাগতে পারেনি তারা। উল্টো আরও প্রাধান্য বিস্তার শুরু করে টাইগাররা। ম্যাচে ফিরতে না পারায় টুর্নামেন্টে টানা দ্বিতীয় হারের মুখ দেখল মেসি-ডি মারিয়ার দেশটি। ফলে আর্জেন্টিনার বিপক্ষে ৭২-২৩ ব্যবধানে দ্বিতীয় জয় তুলে নেয় টাইগাররা। দুর্দান্ত খেলে ম্যাচসেরার পুরস্কার হাতে তুলেছেন বাংলাদেশের মিজানুর রহমান।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ইরাকের কাছে হেরেছে আর্জেন্টিনা। অন্যদিকে প্রথম ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে শুরু করে স্বাগতিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *