মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা অনুষদের ছাত্র হোস্টেলের একটি কক্ষ থেকে এক ছাত্রীকে আটক করা হয়েছে। পাশের আরেকটি কক্ষ থেকে কয়েক গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বুধবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টায় চারুকলা অনুষদে পুলিশ নিয়ে অভিযান চালায় প্রক্টরিয়াল বডি। এসময় শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ১০৫ নম্বর কক্ষ থেকে ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে আটক করা হয়।
জানা গেছে, ওই ছাত্রী কোনোরূপ অনুমতি ছাড়াই ছাত্র হোস্টেলে অবস্থান করছিলেন। নিয়মানুযায়ী হোস্টেল ওয়ার্ডেনের অনুমতি ছাড়া রাতে কিংবা দিনে কোনো সময়ই ছাত্রীরা ছাত্রদের হোস্টেলে প্রবেশ করতে পারবেন না। আটকের পরে ওই ছাত্রী আর এভাবে অবস্থান করবেন না মর্মে মুচলেকা দিলে ছেড়ে দেওয়া হয়। তাছাড়া হলের ১০৪ নম্বর কক্ষ থেকে কয়েক গ্রাম গাঁজাও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাওকে আটক করা হয়নি।
মূলত দীর্ঘদিন থেকে চলমান অচলাবস্থার কারণে আন্দোলন নিয়ে চারুকলা শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। একপক্ষ প্রশাসনের দাবি মেনে নিয়ে ক্লাস করতে চাইলেও অন্যপক্ষ মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবি না মানলে আমরণ অনশনের হুমকি দেয়। এসময় উভয়পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় পুলিশ নিয়ে অভিযান চালানোর কথা জানিয়েছেন প্রক্টরিয়াল বডির সদস্যরা।
তবে বিষয়টিকে সাজানো এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহের ষড়যন্ত্র বলছেন শিক্ষার্থীদের একাংশ। তাদের দাবি, পুলিশ ও প্রক্টরিয়াল বডির ভয়েই ছাত্রীটি হোস্টেলের কক্ষে প্রবেশ করেছেন।
চারুকলা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী সুসময় বড়ুয়া বলেন, ‘আমাদের এক জুনিয়র মেয়েকে রিসিভ করে তার বাসায় নিয়ে যাওয়ার জন্য আমাদের বান্ধবী হোস্টেলের সামনে অবস্থান করছিল। এ সময় হুট করেই পুলিশ ও প্রক্টরিয়াল বডি প্রবেশ করে সবাইকে যার যার রুমে চলে যেতে বলে। এ সময় আমাদের বান্ধবী ভয় পেয়ে সামনে যে রুমটি পেয়েছে সে রুমেই ঢুকে পড়ে।’
এদিকে অভিযান চালিয়ে হোস্টেলটির ১০৪ নম্বর কক্ষ থেকে গাঁজাও উদ্ধার করা হয়। এ সময় বহিরাগত এক যুবক মোবাইলে ভিডিও করার কারণে তার মোবাইলও জব্দ করে প্রক্টরিয়াল বডি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, অভিযান চালিয়ে ছাত্র হোস্টেলের একটি কক্ষ থেকে এক ছাত্রীকে আটক করা হয়। পরে তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া আমরা স্বল্প পরিমাণ গাঁজা ও বহিরাগত এক যুবকের মোবাইল ফোন জব্দ করেছি।
