শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইতোমধ্যে লাখ লাখ মানুষ সমাবেত হয়েছেন ইজতেমা মাঠ ও আশপাশে। বিপুল পরিমাণ মানুষের অজুর পানির দেখা দিয়েছে সংকট। মহাসড়ক ও বিভিন্ন রাস্তায় অবস্থানরত মুসল্লিদের অজুর পানির জন্য খরচ করতে হচ্ছে ২০ থেকে ৩০ টাকা।
অজুর জন্য এক বদনা পানি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা এবং পানির বোতল বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা। এছাড়া রাস্তায় নামাজ পড়ার জন্য পেপার কিনতে হচ্ছে ১০ থেকে ১৫ টাকা করে।
টঙ্গী স্টেশন রোড ও কামারপাড়া রোডের মাথায় দেখতে পাওয়া যায় শতশত মানুষ এসব পানি বিক্রি করছেন। স্থানীয় দোকানদারসহ আশপাশের লোকজন এই সুযোগ ব্যবসা করছেন। তবে পুরো এলাকা ঘুরে এক জায়গায়তেও ফ্রিতে পানি পাওয়া যাচ্ছে না।
পানি বিক্রেতারা বলেন, কিছুই করার নেই সবাই বিক্রি করছে আমরাও করছি। এখন এত মানুষ ফ্রি পানি কোথায় পাবো।
আইনুল ইসলাম নামে একজন বলেন, মুসল্লিদের জন্য বদনা কিনতে হয়েছে। পানিও দূর থেকে টেনে আনতে হয়েছে। আমরা কয়েকজন মিলে ব্যবসার টাকা জোগাড় করেছি। আমরা ব্যবসার উদ্দেশ্যে নয় মুসল্লিদের নামাজের সুবিধার কথা বিবেচনায় রেখেছি।
নামাজের জন্য পুরোনো পত্রিকা কিনেছেন জুমার নামাজে অংশ নিতে আসা আব্দুল আজিজ। তিনি বলেন, ভালুকা থেকে মোটরসাইকেল দিয়ে শুক্রবার সকাল ৭টায় বাড়ি থেকে রওনা হয়েছি টঙ্গীর উদ্দেশ্যে। ধারণা করেছিলাম মাঠের ভেতর জায়গা পাব, তাই নামাজের জন্য জায়নামাজ সঙ্গে আনা হয়নি। কিন্তু অতিরিক্ত মুসল্লির চাপে ভেতর যাওয়া আর সম্ভব হয়নি। তাই ১০ টাকায় দুজন পত্রিকা কিনে মহাসড়কেরই নামাজ আদায় করতে বাধ্য হয়েছি।
সাইদুল ইসলাম নামের অপর এক মুসলি জানান, টাকার চাইতে প্রয়োজনটাই বেশি। যদিও ১০ টাকা নিচ্ছে, কিন্তু প্রয়োজনটা ১০ টাকার চাইতে বেশি।
