প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।
তার জুনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও এ তথ্য জানিয়েছেন।
বার্ধক্যজনিত নানা সমস্যার মধ্যে প্রবীণ এই আইনজীবীর ফুসফুসে পানি জমে যায়। গত সোমবার (২৬ ডিসেম্বর) তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারে জন্যে গঠিত আদালতের প্রধান কৌঁসুলী ছিলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।
খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ওই বছরের ২০ অক্টোবর তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
আইন পেশায় বাংলাদেশের প্রথম সারির রাজনীতিবিদদের মামলা পরিচালনা করেছেন এই আইনজীবী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবী ছিলেন। সবশেষ তিনি বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
মাহবুব হোসেন ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। ওই আসন থেকে এর আগেও একাধিক বার তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
