কাতার বিশ্বকাপ ফুটবলে নানা রেকর্ড গড়ে দলকে চ্যাম্পিয়ন বানিয়েছেন লিওনেল মেসি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামেও নতুন রেকর্ড গড়লেন আর্জেন্টাইন সুপারস্টার।
ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ট্রফি হাতে একটা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন মেসি। ইনস্টাগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি লাইক পড়েছে মেসির সেই ছবিতে।
এর আগে ইনস্টাগ্রামে লাইকের রেকর্ড ছিল একটি ডিমের। ২০১৯ সালে সেই ছবিতে লাইক পড়েছিল ৫ কোটি ৬০ লাখ। যা ছিল এতদিনের সর্বোচ্চ লাইক। মেসির ছবি সেটিকে ছাড়িয়ে চলে গেছে ৬ কোটি ৭৭ লাখে। ইনস্টাগ্রামে মেসির অনুসারীর সংখ্যা চার কোটির বেশি।
এর আগে রোনালদোর পোস্ট করা লুই ভুইতঁ-এর এক বিজ্ঞাপনের ছবি ৪ কোটির বেশি লাইক পেয়েছিল। ওই ছবিতে অবশ্য মেসিও ছিলেন। দুজনকে একমনে দাবা খেলতে গেছে ওই ছবিতে। এতদিন কোনো ক্রীড়াবিদের সর্বোচ্চ লাইক পাওয়া ছবি ছিল এটাই।
এবার মেসির ছবি সেই রেকর্ড ভেঙে দিল। ছবিটিতে কমেন্ট পড়েছে ১৮ লাখের বেশি। এরপর বিমানে বিশ্বকাপের শিরোপা হাতে তোলার ছবিও এরই মধ্যে প্রায় ৪ কোটি লাইক পেয়েছে। এছাড়া স্বপ্নের বিশ্বকাপ নিয়ে মেসির ঘুমানোর ছবিতে লাইক পেয়েছে সাড়ে ৪ কোটি।
