আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ফরাসি তারকা করিম বেনজেমা। ফ্রান্সের জার্সি গায়ে আর মাঠে দেখা যাবে না তাকে। বিশ্বকাপ ফাইনালের একদিন পরই এলো এ ঘোষণা। নিজের ভ্যরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি। এখন থেকে শুধু রিয়াল মাদ্রিদের জার্সিতেই মাঠ মাতাবেন তিনি।
ঊরুর চোটে বিশ্বকাপ শুরুর ২৪ ঘণ্টারও কম সময় বাকি থাকতে ছিটকে পড়েন বেনজেমা। তার জায়গায় নতুন কাউকে না নেওয়ার সিদ্ধান্ত নেয় ফান্স। তিনি ফিরে যান ক্লাব রিয়াল মাদ্রিদে।
সম্প্রতি রিয়ালের অনুশীলনে যোগ দেন ব্যালন ডি’অর জয়ী তারকা। মরক্কোর বিপক্ষে সেমি-ফাইনালের আগে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ফ্রান্স দলকে জানান শুভেচ্ছা। ওই ম্যাচে ২-০ গোলে জিতে ফাইনালে পা রাখে ফরাসিরা।
এরপর থেকে গুঞ্জন ছড়ায়, ফাইনালের আগে দলে যোগ দিতে পারেন বেনজেমা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নাকি চেয়েছিলেন, বেনজেমা দলের সঙ্গে থাকুক।
এই তারকাকে ফাইনালে দেখা যাবে কি-না, এমন প্রশ্নে কোচ দিদিয়ে দেশম বলেছিলেন, ‘আমি আসলে এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না। আমি দুঃখিত, পরবর্তী প্রশ্নটা করুন দয়া করে।”
সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়ে বেনজেমা ইনস্টাগ্রামে ফরাসি ভাষায় লেখেন, “আমি আগ্রহী নই।”
পরে কোচের সঙ্গে বেনজেমার ‘দ্বন্দ্বের’ গুজনও ছড়িয়ে পড়ে। ফরাসি সংবাদমাধ্যম লেকিপের প্রতিবেদনে বলা হয়, দোহা থেকে ফেরার পর দেশমের সঙ্গে কোনো যোগাযোগ করেননি বেনজেমা, দুজনের সম্পর্কে ফাটল ধরেছে।
রুদ্ধশ্বাস ফাইনালে রোববার আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে যায় গত আসরের চ্যাম্পিয়নরা। এরপরই এলো বেনজেমার অবসরের ঘোষণা।
