শেষ বিশ্বকাপ খেলতে কাতার যান লিওনেল মেসি। ফাইনালে শিরোপা জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ মঞ্চকে বিদায়ও জানান তিনি। ঘোষণাটা অবশ্য আগেই দিয়েছেন। বিশ্বকাপ মঞ্চে এই কিংদন্তিকে আর দেখা না গেলেও দেখা যাবে আন্তর্জাতিক ফুটবলে। এমনটাই নিশ্চিত করেছেন খোদ মেসি নিজেই।
কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। শিরোপা জয়ের পাশাপাশি গোল্ডেন বলও নিজের করে নেন মেসি।
ম্যাচ শেষে গণমাধ্যমকে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মেসি বলেন, ‘গত বছর কোপা আমেরিকা আর এবার বিশ্বকাপ জিতলাম। জাতীয় দলের হয়ে খেলতে আমার সবসময়ই ভালো লাগে। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও কিছু ম্যাচ আমি খেলে যেতে চাই।’
তবে, বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়েই নিজের ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন বলে এমনটাও জানিয়েছেন মেসি। সাতবারের ব্যালন ডি’অর বলেছেন, ‘স্পষ্টতই বিশ্বকাপ দিয়েই আমার ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলাম এবং এর বেশি কিছু চাইতে পারি না।’
মেসিকে ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে যাবে কি না এমন প্রশ্নের উত্তরে কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘প্রথমত, পরের বিশ্বকাপের জন্য তাকে বাঁচানোর চেষ্টা করতে হবে। যদি সে খেলা চালিয়ে যেতে চায়, সে আমাদের সঙ্গে থাকবে। তবে, ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তারই বেশি।’
পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন মেসি। যার পুরস্কারও পেয়েছেন তিনি। ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেরা ফুটবলার হয়েছেন আর্জেন্টিনার এই কিংবদন্তি।
