বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পরিবারের।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ৩টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে প্রথমে বিএনপি মহাসচিব এবং পরে শাজাহানপুর থেকে মির্জা আব্বাসকে তুলে নেয়া হয় বলে অভিযোগ করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেন, বিএনপির শনিবারের সমাবেশের ভেন্যু পরিদর্শন শেষে বাসায় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন মির্জা আব্বাস। পরে নেতারা চলে যান। আমি ঘুমিয়ে ছিলাম। আমাকে ডেকে বললো তাকে (মির্জা আব্বাস) নিয়ে যাওয়া হবে এখন। আমি তো বিশ্বাসই করিনি।
আফরোজা আব্বাস বলেন, আমি আসার পরে আমাকে ওনারা (ডিবির কর্মকর্তারা) বলে ওনাকে (মির্জা আব্বাস) নিয়ে যাব এখন। তার সঙ্গে কথা আছে। কথা বলে আমরা আবার দিয়ে যাব। তখন আমি তাদের বলি ‘দিয়ে যাবেন যখন তাহলে এখানেই কথা বলেন।’ তারা বলে যে, না, ওনাকে আমাদের সঙ্গে অফিসে যেতে হবে।
অন্যদিকে মির্জা ফখরুল ইসলামের স্ত্রী রাহাত আরা বেগম দাবি করেন, রাত দশটা থেকে তাদের বাসার আশপাশে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ। পরে রাত সাড়ে তিনটার দিকে বিএনপির মহাসচিবকে বাসা থেকে নিয়ে যায়। সম্প্রতি পল্টন এলাকায় সংঘর্ষের ঘটনায় মামলার প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলামকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তার স্ত্রী।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে বলেন, রাত ৩টার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তার উত্তরের বাসা থেকে এবং ৩টা ২০ মিনিটে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়।
এদিকে, সমাবেশের ভেন্যুর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি। তবে ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ করার বিষয়টি নিশ্চিত করেছে দলটির নীতিনির্ধারণী মহল।
