বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার রাজধানীর উত্তরাস্থ বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
এ ঘটনার পরই বিস্তারিত কথা বলেছেন মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম। আজ শুক্রবার ভোরে রাজধানীর উত্তরার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মির্জা ফখরুলের স্ত্রী বলেন, ‘ডিবি পুলিশের চারজন সদস্য বাসার উপরে আসে এবং বাকি চারজন নিচে ছিল। সম্প্রতি তার (মির্জা ফখরুলের) নামে দুটি মামলা হয়েছে। তাই কোর্টের নির্দেশেই তাকে নিতে আসা হয়েছে বলে জানায় গোয়েন্দা পুলিশের সদস্যরা। তারা আমাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি।’
তিনি আরও জানান, গতকাল বৃস্পতিবার রাত ১০টা থেকে মির্জা ফখরুলের বাড়ির আশেপাশে টহল দেয় ডিবি। পর রাত তিনটার দিকে তারা বিএনপি মহাসচিবে বাসায় আসে। এরপর তাকে আটক করে দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে তারা চলে যায়। এর কিছুক্ষণ পর অপর এক ডিবি পুলিশ সদস্য মির্জা ফখরুলের ওষধ নিতে আসেন বলেন জানান রাহাত আরা বেগম।
এদিকে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাত ৩টা ২০মিনিটের দিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠে। বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
এর আগে রাতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এবং মিরপুর বাংলা কলেজ মাঠ পরিদর্শন করেন মির্জা আব্বাসসহ বিএনপি নেতারা। মাঠ পরিদর্শন শেষে বাসায় ফেরেন মির্জা আব্বাস।
এসময় সাংবাদিকদের তিনি বলেন, ‘দুইটা মাঠ দেখেছি। স্থায়ী কমিটির সঙ্গে আলাপ করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবো। কোথাও নিরাপদ নয় বিএনপি কর্মীরা। সিদ্ধান্ত নিতে পারছি না।’
