সাকিব মোটেই আমাদের কালীপুজোর উদ্বোধন করেননি: পরেশ পাল

নজর২৪ ডেস্ক- সম্প্রতি কলকাতার একটি কালীপূজার মণ্ডপে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের আসাকে কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা নিয়ে মুখ খুললেন ওই পূজার প্রধান উদ্যোক্তা তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পাল।

 

পরেশবাবু বাংলাদেশের এক অনলাইন নিউজ পোর্টালকে এদিন (আজ মঙ্গলবার) পরিষ্কার জানিয়েছেন, সাকিব মোটেই তাদের পূজার উদ্বোধন করেননি। তিনি শুধু উদ্বোধনের পর মঞ্চে উঠে দর্শকদের উদ্দেশে বক্তৃতা দিয়েছিলেন ও মোমবাতি জ্বালিয়েছিলেন।

 

পরেশ পাল বলেন, সাকিব খুব ভালো ছেলে, ওকে এরকম একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে হয়েছে জেনে আমাদেরও খুব খারাপ লাগছে। অথচ আমাদের এত বছরের পুরনো কালীপুজো সাম্প্রদায়িক সম্প্রীতির এক চমৎকার উদাহরণ। আমাদের বেলেঘাটা ও তার বাইরে থেকেও অসংখ্য মুসলিম পরিবার এই পুজোতে যোগ দেন এবং এই আনন্দে শামিল হতে আসেন।

 

সেখানে আসার জন্য সাকিব আল হাসানের মতো তারকাকে বিতর্কের মুখে পড়তে হবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমি নিশ্চিত যে রাজনৈতিক উদ্দেশ্য থেকেই ওকে অযথা আক্রমণ করা হচ্ছে।

 

তিনি বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই। সাকিব মোটেই আমাদের পুজো উদ্বোধন করেননি। এমনকি ওনাকে আমরা পুজো উদ্বোধন করার জন্য আমন্ত্রণও জানাইনি। উনি কলকাতায় বেড়াতে আসছেন শুনে আমরা চেয়েছিলাম আমাদের পুজোটা উনি একবার ঘুরে যান। শুধু সেই জন্য অতিথি হিসেবে তাকে আমাদের মাঝখানে পেতে চেয়েছিলাম।

 

তাহলে সাকিব এখানে কী করেছেন? এমন প্রশ্নে তিনি বলেন, সাকিব উদ্বোধনের পর আমাদের মঞ্চে উঠে দর্শকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছেন। তার আগে ওনাকে আমরা অতিথির প্রাপ্য সম্মান দিয়ে ঘোড়ার গাড়িতে চাপিয়ে পুজো প্রাঙ্গণে নিয়ে এসেছিলাম। তিনি মঞ্চে উঠে মোমবাতিও প্রজ্বালন করেছেন এবং পুরোটাই করেছেন মাস্ক পরে, সামাজিক দূরত্বের শর্তাবলি বজায় রেখে। ব্যাস এইটুকুই! এটা নিয়ে অযথা কেন বিতর্ক, সেটাই আমার মাথায় ঢুকছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *