সোহরাওয়ার্দী-তুরাগের বাইরে প্রস্তাব এলে বিএনপি ভাববে: মির্জা আব্বাস

আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান ও তুরাগের বাইরে বিকল্প প্রস্তাব এলে সেটা বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার দুপুর ১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে এ বিএনপি নেতা বলেন, যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলা করে আমরা সমাবেশ করব। ঢাকা মহানগরের মধ্যে কোনো জায়গা যা আমাদের কাছে সন্তোষজনক ও নিরাপদ মনে হবে, আমাদের জানালে আমরা সেটা বিবেচনা করব। যদি তারা সেরকম কোনো জায়গা খুঁজে না পায়, আমাদের জিজ্ঞেস করলে বলে দেবো।

মির্জা আব্বাস বলেন, ‘সাম্প্রতিক নয়াপল্টন পার্টি অফিসের সামনে ককটেল ফাটিয়েছিল এবং এই ধরনের কাজগুলো সরকার নিজে থেকে ঘোষণা দিয়েছিল যে, সন্ত্রাস হবে সন্ত্রাস হবে। দেশবাসীকে অবগত করতে চাই, আমরা একটি শান্তিপূর্ণ সমাবেশ করব। এই সমাবেশে আমাদের পরবর্তী কার্যক্রম হয়তো ঘোষণা আসতে পারে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সমাবেশ সফল করার জন্য যে কাজগুলো করা দরকার তা করতে পারবো না— এরকম কোনো নিষেধাজ্ঞা তো সরকার দেয়নি। তারপরও আমাদের নেতারা রাতে বাসায় থাকতে পারছে না। গণসমাবেশ সফল করার জন্য প্রচারণায় হামলা করা হচ্ছে। সরকার সন্ত্রাসমূলক আচরণ করছে আমাদের সাথে। আর তারা বারবার বলছে বিএনপির সন্ত্রাস করে। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব সেখানে আমরা সন্ত্রাস করতে যাব কেন।’

সরকারের কাছে প্রশ্ন রেখে মির্জা আব্বাস বলেন, ‘আমরা কেন সন্ত্রাস করতে যাব সেটা আমাদের মাথায় আসছে না। সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে সারা দেশে যেটা করেছে, কিন্তু গতকাল ইঞ্জিনিয়ার ইশরাকের ওপর হামলা চালিয়ে তারা প্রমাণ করেছে যে, সন্ত্রাসী কার্যক্রম তারাই করছে।’

মির্জা আব্বাস বলেন, ‘আমার বাসায় সকালে একটি কর্মিসভা করার কথা ছিল। যেখানে আমি কথা বলি একটি দিকনির্দেশনা দেব শান্তিপূর্ণ সমাবেশের বিষয়। সেটা আমাদের করতে দেওয়া হয়নি। বাড়ির চারদিকে সিভিল ও পোশাকধারী পুলিশ ঘিরে ফেলল। আমাদের সিদ্ধান্ত রয়েছে পল্টনেই সমাবেশ করব। তারপর আমরা সরকারের বিবেচনা ছেড়েছি, আশা করব তারা বিবেচনা করবেন এবং আমাদের শান্তিপূর্ণ সমাবেশে কোনো বাধার চেষ্টা করবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *