খালেদা জিয়ার বাসভবনের সামনে পুলিশের চেক পোস্ট

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশের রাস্তায় (৭৯ নং রোড, গুলশান-২) পুলিশ চেক পোস্ট বসিয়েছে।

শনিবার (০৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই চেক পোস্ট বসানো হয় বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

দিদার বলেন, হঠাৎ করে রাত সাড়ে ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাসভবনে (ফিরোজায়) অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই রোডের দুই পাশেই চেকপোস্ট বসানো হয়েছে।

এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সংবাদমাধ্যমকে বলেন, এই পুলিশি চেকপোস্ট বসানো বিএনপির ওপর সরকারের চলমান দমননীতির অংশ। কার্যত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তারা গৃহবন্দী করে রেখেছে। তাকে মানসিকভাবে নির্যাতন করার উদ্দেশ্যেই এই চেকপোস্ট বসানো হয়েছে। আমি সরকারের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ও অবিলম্বে সকল ধরনের জুলুম নির্যাতন ও হয়রানি বন্ধের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ সংবাদমাধ্যমকে বলেন, ‘মাদক ব্যবসায়ী, জঙ্গি ও অপরাধীদের ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। এর অংশ হিসেবে গুলশান এলাকায়ও তল্লাশি চৌকির সংখ্যা বাড়ানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *