গ্রুপ পর্বের খেলা শেষে শনিবার থেকে শুরু হচ্ছে রাউন্ড অফ সিক্সটিনের খেলা। আর প্রথম দিনেই থাকছে বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট আর্জেন্টিনার ম্যাচ। এ দিন আস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসিরা।
কাতারের আহমাদ বিন আলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খালিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ৯টায় মাঠে নামবে যুক্তরাষ্ট্র।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারলেও শেষ দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ১৯৭৮ আর ১৯৮৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
দুদলের এ ম্যাচটির আগে চলুন জেনে নেয়া যাক, পরিসংখ্যানে দুদলের মধ্যে কারা এগিয়ে।
অতীত ইতিহাস বলছে, ফুটবলে এই দুদল মুখোমুখি হয়েছে মোটে ৭ বার। যেখানে আলবিসেলেস্তেদের ৫ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার জয় এক ম্যাচে। বাকি একটি ম্যাচ ড্র হয়েছিল।
দুদলের সবশেষ ম্যাচটি হয়েছে ২০০৭ সালে। যেখানে ১-০ গোলে জয়লাভ করে লাতিন আমেরিকার দেশটি। মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বড় ব্যবধানে জয়টি অস্ট্রেলিয়ার। ১৯৮৮ সালে প্রথম দেখায় ৪-১ গোলের ব্যবধানে জিতেছিল ওশেনিয়া অঞ্চলের দেশটি। আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়টি ২০০৫ সালে, ৪-২ গোলে। ড্র হওয়া ম্যাচটির স্কোরলাইন ১-১।
আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার ৭ বারের দেখায় সবচেয়ে বেশি গোল করেছে লিওনেল মেসির দেশ। তাদের ১৫ গোলের বিপরীতে অস্ট্রেলিয়ার গোল ৭টি।
