বিএনপির সমাবেশের আগে রাজশাহীতে এবার অটোরিকশা-লেগুনা চলাচল বন্ধ

বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশের আগে বাস ধর্মঘটের পর এবার মহাসড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা ও থ্রি–হুইলার যানের ধর্মঘট ডেকেছে জেলা মিশুক–সিএনজি মালিক সমিতি।

আজ শুক্রবার দুপুরে সমিতির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

মিশুক–সিএনজি মালিক সমিতির সহসভাপতি আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

আহসান হাবিব বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে তাঁরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন, দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য মহাসড়কসহ কোনো রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা ও থ্রি-হুইলার চলবে না। মহাসড়কে চলতে গেলে বাস মালিক সমিতি তাঁদের নানা ধরনের বাধা দিচ্ছে। গত কয়েক দিনে তা বেড়েছে।

মিশুক-সিএনজি মালিক সমিতি সূত্রে জানা গেছে, তাদের দুই দফা দাবি হলো—মহাসড়কে অবাধে চলাচল এবং বিআরটিএ থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্তি সহজ ও হয়রানিমুক্ত করতে হবে। এই দুই দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *