বিএনপি বাসে আগুন দিয়ে সরকারের উপর দোষ চাপাচ্ছে: প্রধানমন্ত্রী

নজর২৪ ডেস্ক- রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপিকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন, বিএনপি করোনার এই দুঃসময়কে কাজে লাগিয়ে নিজেদের ফায়দা লুটতে চাইছে। তারা নিজেরা বাসে আগুন দিয়ে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে চাইছে। বিএনপি যেন এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে।

 

আজ সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

 

নিজের বক্তব্যের সমর্থনে সংসদে তিনি একটি ফোনালাপও শোনান। যা সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে বাস পোড়ানোর ঘটনা নিয়ে এক ব্যক্তি ও এক নারীকে আলাপ করতে শোনা যায়। নারী কণ্ঠে, যুবদলের ছেলেরা বাসে আগুন দিয়েছে বলে শোনা যায়।

 

এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংসদে বাস পোড়ানোর ঘটনা নিয়ে বক্তব্য দেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

 

তিনি বলেন, গত বৃহস্পতিবার ভোট হয়েছে উত্তরায়। আর গাড়ি পোড়ানো হয়েছে বিভিন্ন জায়গায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ জন্য বিএনপিকে দায়ী করেছেন। বিএনপির মহাসচিব বলেছেন যে সরকারের এজেন্টরা এই কাজ করেছে।

 

বিএনপির নেতা–কর্মীদের নামে ১৫টি মামলা হয়েছে। অনেক ক্ষেত্রে বাদী নিজেই জানে না মামলা করা হয়েছে।

 

সাংসদ হারুন এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে একটি সংসদীয় কমিটি গঠন করার দাবি জানান।

 

সংসদ সদস্য হারুনুর রশীদের বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ফ্লোর নেন। তিনি দাঁড়িয়ে বলেন, প্রযুক্তি এখন অনেক এগিয়ে গেছে। তার কাছে একটি ফোনালাপ আছে। তিনি সেটা শোনাতে চান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মুঠোফোন থেকে সম্প্রতি ফাঁস হওয়া একটি ফোনালাপ চালু করেন। মুঠোফোন মাইকে ধরে তা সংসদে শোনানো হয়।

 

পরে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, বিএনপির সংসদ সদস্য হলেও হারুনকে প্রথম সারিতে বসানো হয়েছে। তিনি অনেক কথা বলেন। সরকারি দল তার অনেক কথার জবাবও দেয় না। কিন্তু নিজের দল সম্পর্কে তথ্য জেনে তারপর হারুনের কথা বলা উচিত ছিল।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কারা গাড়িতে আগুন দিয়েছে সে ছবিও তার কাছে আছে। একটি মিছিল শেষে দেয়াশলাই দিয়ে বাসে আগুন দেওয়া হয়েছে। আরও ফোন রেকর্ড আছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ছে, কারা আগুন দিচ্ছে।

 

তিনি বলেন, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। কারণ, তাদের জনগণের ওপর আস্থা নেই। জনগণেরও তাদের ওপর আস্থা নেই।

 

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি গাড়ি পোড়ানোর জন্য সরকারের এজেন্টদের দায় দিচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কেন গাড়িতে আগুন দিয়ে বদনামের ভাগীদার হবে? জনগণের নিরাপত্তা দেওয়াই সরকারের দায়িত্ব।

 

শেখ হাসিনা বলেন, সংসদ পবিত্র জায়গা। এখানে এভাবে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত না করাই ভালো। তবে, মানুষ এসব বিশ্বাস করবে না। তিনি বিএনপিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার এবং নির্বাচন করলে ভালোভাবে নির্বাচন করার আহ্বান জানান।

 

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, এটা তাদের গোড়ায় গলদ। জিয়াউর রহমান ক্ষমতায় এসেছে হত্যা ষড়যন্ত্র করে। তার ক্ষমতা দখলটাই হচ্ছে খুনের মধ্যে দিয়ে। সে খুনের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি ভালো বোঝো। দুর্নীতি করা, অর্থ পাচার করা, নানা ধরনের অপকর্ম তারা করে গেছে। কোনো কারণ নেই বাসে আগুন দিয়ে পোড়ানো। কিন্তু তারা ওটা করল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে।

 

প্রধানমন্ত্রী বলেন, তারা নেতা বানিয়েছে কাকে? খুনের মামলার আসামি, ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি, যে দেশ থেকে পলাতক- তাকে বানানের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে কি এমন কোনো যোগ্য নেতা নেই যে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হতে পারে?

 

‘তিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে- আদৌ তারা নির্বাচন করে কিনা? নির্বাচনে তারা অংশ নেন, নমিনেশন নিচ্ছেন আর যাচ্ছেন। কিন্তু নির্বাচনের দিনে কোনো এজেন্ট দেবেন না। একটা সময় নির্বাচন প্রত্যাহার করে বলে, নির্বাচন ঠিক হচ্ছে না। আসলে জনগণের সমর্থন হারিয়েছেন তারা অনেক আগেই।’

 

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘২০০১ সালে চক্রান্ত করে ক্ষমতায় আসার পর সন্ত্রাস, খুন করা, নারী নির্যাতন থেকে শুরু করে এমন কোনো নির্যাতন নেই বিএনপি করেনি। হাজার হাজার মেয়েদের উপর পাশবিক অত্যাচার করানো অগ্নি সন্ত্রাস করে মানুষ পোড়ানো এটাই তাদের আন্দোলন।’

 

‘ফেরারি খুনের আসামি সে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাদের নেত্রী এতিমের টাকা আত্মসাৎ করা সাজাপ্রাপ্ত। কিন্তু তবুও তাকে বাসায় থাকতে দেয়া হয়েছে।’

 

এ সময় সংসদ ও অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত না করার জন্য বিএনপিকে অনুরোধ জানান তিনি। সাথে সাথে বিএনপিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য তিনি বলেন।

 

তিনি বলেন, আমরা দেশের মানুষের উন্নতি চাই। করোনাভাইরাসের কারণে মানুষ এমনিতেই ক্ষতিগ্রস্ত। কষ্টে আছে। আমরা সাধ্যমত চেষ্টা করেছি মানুষকে সাহায্য করতে। অর্থনীতি সচল রাখতে। কিন্তু তারা মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। মানুষ অন্ধ না। সবকিছু বোঝে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *