আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ, বাদ পড়লেন আরও দুজন

২০ নভেম্বর পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ-২০২২ এর। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এবারের আসর মাঠে গড়ানোর আগেই ইনজুরির সঙ্গে লড়াই করে যাচ্ছে আর্জেন্টিনা দল।

চোট থাকায় চূড়ান্ত দল ঘোষণার ক্ষেত্রে দেরি করেছিলেন কোচ লিওনেল স্কালোনি। এবার কাতারে এসেও আরেক দফা দুঃসংবাদ পেল আকাশি-সাদা জার্সিধারীরা। ছিটকে গেলেন দুই ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেস ও জোয়াকিন কোরেয়া। খবর টিওয়াইসি স্পোর্টসের।

কাতারে গতকাল বৃহস্পতিবার প্রথম দিনের অনুশীলনে নেমেই পেশিতে চোট পান নিকোলাস গঞ্জালেস। এ ছাড়া পুরোনো হাঁটুর চোট নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে আরেক ফরোয়ার্ড জোয়াকিন কোরেয়ার। আর্জেন্টিনা ফুটবল সংস্থা এই দুই ফুটবলারের বিশ্বকাপ শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

পাশাপাশি জানানো হয়েছে, নিকোলাস গঞ্জালেসের পরিবর্তে দলে নেওয়া হয়েছে অ্যাঞ্জেল কোরেয়াকে। আরেক ফরোয়ার্ড জোয়াকিন কোরেয়ার বদলে রিজার্ভ থেকে দলে নেওয়া হয়েছে থিয়াগো আলমাদাকে।

একটা শিরোপার জন্য ৩৬ বছর অপেক্ষা করছে ম্যারাডোনার উত্তরসূরিরা। কাকতালীয়ভাবে বিশ্বকাপের আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত আছে দলটি। আরও একটি বিষয় হলো, এটাই আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসির শেষ বিশ্বকাপ। এসব কারণে কাতারে মরণকামড় দেবেন মেসিরা, সেটা বলা বাহুল্য।

কাতারে পৌঁছার আগে আবুধাবিতে দারুণ প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে ৫-০ গোলের বড় ব্যবধানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *