Home প্রধান খবর এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালো শিক্ষা বোর্ড

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালো শিক্ষা বোর্ড

0
217

ঢাকা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ফলাফল আগামী ২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হতে পারে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।

তপন কুমার সরকার বলেন, সারাদেশের শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে আগামী ২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন, সেদিন ফল প্রকাশ করা হবে।

গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

এ বছর পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ শিক্ষার্থী। করোনাভাইরাস সংক্রমণ, পরবর্তী সময়ে সিলেটসহ দেশের কিছু এলাকায় বন্যার কারণে দুই দফায় পেছানো হয় পরীক্ষা।

এসএসসির নির্ধারিত সূচি মার্চ থেকে সাত মাস পিছিয়ে সেপ্টেম্বরে এ পরীক্ষা হয়। এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। মাদ্রাসা বোর্ডের অধীন দাখিলে অংশ নেয় ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬৬২।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here